রবিবার ● ৫ এপ্রিল ২০২৬

তালতলীতে সড়ক সংস্কারে ধীরগতি, ভোগান্তিতে জনসাধারণ

হোম পেজ » বরগুনা » তালতলীতে সড়ক সংস্কারে ধীরগতি, ভোগান্তিতে জনসাধারণ
রবিবার ● ৫ এপ্রিল ২০২৬


তালতলীতে সড়ক সংস্কারে গাফিলতি, দুর্ভোগে জনসাধারণ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলী উপজেলার বগীর হাট থেকে বাঁধঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ দীর্ঘ এক বছরেও দৃশ্যমান অগ্রগতি পায়নি। নির্ধারিত সময় পার হলেও মাত্র প্রায় ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ফলে সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৯ দশমিক ৭০০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের জন্য ১৪ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ১০৫ টাকা বরাদ্দ দেয়। দরপত্রের মাধ্যমে বরেন্দ্র কনস্ট্রাকশন কাজটি পায়। ২০২৪ সালের ২৫ মার্চ শুরু হয়ে ২০২৫ সালের ২৭ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি খুবই ধীর। ওয়ার্ক অর্ডার পাওয়ার পর কিছু অংশে নিম্নমানের মেকাডাম ফেলে কাজ ফেলে রাখার অভিযোগ রয়েছে। পরে কাজের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত করা হয়।

দীর্ঘদিনের ধীরগতি ও অব্যবস্থাপনার কারণে সড়কটি এখন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতোমধ্যে প্রায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সর্বশেষ দুর্ঘটনায় আহত দুই শিশু গুরুতর অবস্থায় বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বশির উদ্দিন জানান, শুরুতে ব্যবহৃত মেকাডাম কিছুটা নিম্নমানের ছিল, তবে বর্তমানে উন্নতমানের উপকরণ এনে কাজ চলমান রয়েছে।
উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, কাজের ধীরগতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান দায়ী এবং এ বিষয়ে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। তিনি সাময়িক দুর্ভোগের জন্য বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সড়কটি নিয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি জেলা পর্যায়ে উত্থাপন করা হয়েছে। দ্রুত কাজ শুরু না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৮:২৮ ● ৫৩ বার পঠিত