রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
বরগুনায় হাম সংক্রমণে তিন শিশুর মৃত্যু, সদর হটস্পট ঘোষণা
হোম পেজ » বরগুনা » বরগুনায় হাম সংক্রমণে তিন শিশুর মৃত্যু, সদর হটস্পট ঘোষণা![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় হামের সংক্রমণ বেড়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে সদর উপজেলাকে ‘হটস্পট’ ঘোষণা করেছে সরকার।
শনিবার (৪ এপ্রিল) বরগুনা সদর উপজেলার দুইজন ও পাথরঘাটা উপজেলার একজন শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ২০টি জেলার ৩০টি স্থানকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে বরগুনা সদরও রয়েছে।
হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আজ রবিবার (৫ এপ্রিল) থেকে জেলায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ইতোমধ্যে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে। বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা পর্যন্ত সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ১০ জন ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ১৪৯ জনের মধ্যে ২৪ জনের শরীরে হাম এবং ১ জনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
সংকট মোকাবিলায় জেলা সদরসহ আমতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
বরগুনা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মেহেদী পারভেজ সাগরকন্যাকে বলেন, ‘গত মাসের মাঝামাঝি থেকে জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ২০ জন রোগী সন্দেহজনক উপসর্গ নিয়ে আসছে। গুরুতর রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।’
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, ‘বরগুনা সদরকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) থেকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শিশুর উচ্চ জ্বর, সর্দি বা কাশি হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। সঠিক চিকিৎসা ও আইসোলেশন নিশ্চিত করা গেলে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ৭:২৪:০৮ ● ৫০ বার পঠিত
