শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬
নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
হোম পেজ » লিড নিউজ » নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খাস জমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে তিনটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থল পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় খাস জমির মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে মাটি কাটার সঙ্গে জড়িত ‘আশা’, ‘মডার্ন’ ও ‘ডায়মন্ড ব্রিকস’ নামের তিনটি ইটভাটার প্রতিনিধিরা অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ‘সরকারি খাস জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
অভিযানে জব্দ করা চারটি ট্রলার মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজে ব্যবহারের জন্য পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনায় নেছারাবাদ থানা পুলিশ, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং এলাকার মহল্লাদাররা সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ২০:০৩:১৬ ● ৫১ বার পঠিত
