মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬

বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২; গ্রেফতার ২

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২; গ্রেফতার ২
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

নিহত উজ্জ্বল কর্মকার। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজের জমি লিজ ও অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন এবং পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক তিনটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উজ্জ্বল কর্মকারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত উজ্জ্বল কর্মকার উপজেলার কালাইয়া এলাকার অজিত কর্মকারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপ চরের তরমুজ চাষের জমি লিজ ও টাকা লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ফিরোজ গাজী ও অপর পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে প্রথমে ফিরোজ গাজীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে ফিরোজ গাজীর নেতৃত্বে পাল্টা হামলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

 

সংঘর্ষে উজ্জ্বল কর্মকার গুরুতর আহত হন। এছাড়া দাসপাড়া এলাকার শামিম হাওলাদার (৩৫) ও মিজান গাজী (৪০) আহত হন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহতের ভাই তাপস কর্মকার অভিযোগ করে বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মিজানের অবহেলার কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে উজ্জ্বল কর্মকারকে বাঁচানো সম্ভব হতো বলে দাবি করেন তিনি।

 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম রাজ্জাক বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চন্দ্রদ্বীপ এলাকার জালাল গাজী ও ফিরোজ গাজীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কোনো অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫৩ ● ২৮ বার পঠিত