মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬

বাউফলে জ্বালানি তেল সংকট, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

হোম পেজ » লিড নিউজ » বাউফলে জ্বালানি তেল সংকট, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

বাউফলে জ্বালানি তেল সংকট, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

জ্বালানি তেলের তীব্র সংকটে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা চরম বিপাকে পড়েছেন। টানা কয়েক দিন ধরে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ থাকায় তাদের আয়ের পথ প্রায় বন্ধ হয়ে গেছে, ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্ট্যান্ডে সারি সারি ভাড়ায় চালিত মোটরসাইকেলের উপস্থিতি নেই। যাত্রী থাকলেও তেলের অভাবে চালকরা গাড়ি চালাতে পারছেন না। প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল এসব শ্রমজীবী মানুষ হঠাৎ করেই পড়েছেন চরম অনিশ্চয়তায়। অভিযোগ রয়েছে, কয়েকটি তেলের দোকানে ২০০ থেকে ২৫০ টাকা দরে তেল বিক্রি করা হলেও পরিমাণে কম দেওয়া হচ্ছে।

 

বাউফল পৌরসভা স্ট্যান্ডের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোশারফ হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে পেট্রোলের অভাবে গাড়ি বন্ধ। কোনো আয় নেই। পরিবারে চারজন সদস্য, কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না। বাজারে ধার করে কোনোভাবে দিন পার করছি। এই অবস্থা চলতে থাকলে না খেয়ে থাকতে হবে।’

 

কালাইয়া ল্যাঙরামন্সির পুল স্ট্যান্ডের চালক আনোয়ার হোসেন সাগরকন্যাকে বলেন, ‘প্রতিদিন ৫০০ থেকে ৮০০ টাকা আয় হতো, যা দিয়ে সংসারের খরচ মেটাতাম। কিন্তু এখন আয় শূন্যে নেমে এসেছে। তেল সরবরাহ স্বাভাবিক না হলে পেশা পরিবর্তন ছাড়া কোনো উপায় দেখছি না।’

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ থেকে ছয় দিন ধরে উপজেলার কয়েকটি ডিপোতে তেলের সরবরাহ স্বাভাবিক নেই। এতে শুধু মোটরসাইকেল চালকই নয়, সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহন চালকরাও ভোগান্তিতে পড়েছেন। গ্রামাঞ্চলে দ্রুত যাতায়াতের অন্যতম মাধ্যম হওয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের সংকটে সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হচ্ছে।

 

এ বিষয়ে কয়েকজন ডিপো মালিক জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে নিয়মিত তেল না আসায় তারা বিক্রি করতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে। তবে বেশি দামে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন তারা।

 

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ জানান, ‘জ্বালানি তেল নিয়ে কারসাজি বন্ধে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত কাজ করছে। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। তেল সরবরাহ সচল রাখতে সংশ্লিষ্টরা কাজ করছে।’

বাংলাদেশ সময়: ১৬:০১:০২ ● ২৫ বার পঠিত