মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
কয়রায় সুন্দরবনে ডাকাতদের কবল থেকে জেলে উদ্ধার
হোম পেজ » খুলনা » কয়রায় সুন্দরবনে ডাকাতদের কবল থেকে জেলে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ডাকাতদের কাছে জিম্মি থাকা মজিবর গাজী (৫০) নামের এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ভুক্তভোগীর দাবি, ২০ হাজার টাকা মুক্তিপণের জন্য তাকে বেঁধে নির্যাতন করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে রেখে বনের ভেতরে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুন্দরবনের খড়কুড়িয়া খাল এলাকায় দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে জিম্মি জেলেকে উদ্ধার করা সম্ভব হয়।’
উদ্ধারকৃত মজিবর গাজী খুলনার কয়রা থানার বাসিন্দা। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে ডাকাতমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:০১:৩৯ ● ২৩ বার পঠিত
