সোমবার ● ৩০ মার্চ ২০২৬

বাগেরহাটে যমুনা অয়েলে তেলের হিসাব গরমিল: তদন্ত কমিটি

হোম পেজ » খুলনা » বাগেরহাটে যমুনা অয়েলে তেলের হিসাব গরমিল: তদন্ত কমিটি
সোমবার ● ৩০ মার্চ ২০২৬


 

বাগেরহাটে যমুনা অয়েলে তেলের হিসাব গরমিল: তদন্ত কমিটি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে তেলের হিসাব গরমিলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ডিপোর ব্যবস্থাপক মো. আল আমিনকে সাময়িক বরখাস্ত করে তার স্থলে খুলনার দৌলতপুর ডিপোর উপ-ব্যবস্থাপক (এস অ্যান্ড ডি) সমিত বড়ুয়াকে ডেপুটি ম্যানেজার (ডিপো ইনচার্জ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

রবিবার কোম্পানির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. মাসুদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড জানায়, অতিরিক্ত তেলের বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আপাতত ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

 

মোংলা অয়েল ইনস্টলেশন থেকে বাগেরহাট, খুলনা, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে।

 

অভিযান-পরবর্তী তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১ নম্বর ট্যাংকে মজুত পাওয়া গেছে ১২ লাখ ৯৮ হাজার ৭৪৭ লিটার, যা কাগজপত্রের তুলনায় ৯৩২ লিটার বেশি। ৯ নম্বর ট্যাংকে পাওয়া গেছে ২৪ লাখ ২০ হাজার ৪৯৫ লিটার, যা নথিভুক্ত পরিমাণের চেয়ে ১২ হাজার ৮১৮ লিটার বেশি। অন্যদিকে ১৪ নম্বর ট্যাংকে মজুত পাওয়া গেছে ১২ লাখ ৫৮ হাজার ৭৫৫ লিটার, যা কাগজপত্রের তুলনায় ১ হাজার ১৩৭ লিটার কম। সব মিলিয়ে ১২ হাজার ৬১৩ লিটার তেলের হিসাব গরমিল পাওয়া গেছে।

 

অভিযান পরিচালনাকারী দলের পক্ষে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) প্রবীর হীরা, বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা মোংলার লেফটেন্যান্ট কমান্ডার রাইয়ান আলম, কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিবেদনে স্বাক্ষর করেন।

 

এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া ব্যবস্থাপক (অপারেশন) মো. আল আমিন খানের দপ্তরে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

 

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের তিনটি ট্যাংকে অবৈধভাবে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৪০ ● ৬ বার পঠিত