মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত সেই ১৪ জনের মাগফেরাত কামনায় দোয়া

হোম পেজ » খুলনা » মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত সেই ১৪ জনের মাগফেরাত কামনায় দোয়া
শনিবার ● ২৮ মার্চ ২০২৬


 

মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত সেই ১৪ জনের মাগফেরাত কামনায় দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রাজ্জাকও রয়েছেন।

 

শনিবার (২৮ মার্চ) বিকেলে পৌর শহরের মুসলিম পাড়া জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি।

 

ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন মিঠু এবং বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন ও আঃ সালাম ব্যাপারী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ জুলফিকার আলী বলেন, নিহত আঃ রাজ্জাকের পরিবারের সদস্যরা নৌবাহিনীর পক্ষ থেকে ১ লাখ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই তা বিতরণ করা হবে। তিনি আরও বলেন, মোংলার বিএনপি পরিবার সবসময় আঃ রাজ্জাকের পরিবারের পাশে থাকবে।

 

উল্লেখ্য, গত ১২ মার্চ মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আঃ রাজ্জাকসহ তার পরিবারের ৯ জন নিহত হন। এছাড়া একই ঘটনায় তার পুত্র ও নববধূসহ আরও ৪ জন এবং মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৩ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ