শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬
নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বাউফলে আ.লীগ ও ছাত্রলীগের পৃথক শোভাযাত্রা
হোম পেজ » পটুয়াখালী » নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বাউফলে আ.লীগ ও ছাত্রলীগের পৃথক শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক দুটি মিছিল করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার বিলবিলাস বাজার এলাকা ও সদর ইউনিয়নে এ মিছিল দুটি অনুষ্ঠিত হয়। এ ঘটনায় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি মিছিলে ১৫ থেকে ২০ জন করে নেতাকর্মী অংশ নেন। মিছিলগুলোতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘লাল-সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এ ধরনের স্লোগান দেওয়া হয়।
মিছিলে ব্যবহৃত ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের ছবি দেখা গেছে। এছাড়া মিছিলের অগ্রভাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীও অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি আজ (শুক্রবার) যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৮:৫৯:৪৫ ● ৩৭ বার পঠিত
