বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা, এলাকায় চরম আতঙ্ক

হোম পেজ » লিড নিউজ » বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা, এলাকায় চরম আতঙ্ক
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬


 

চিতলমারীতে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা, এলাকায় চরম আতঙ্ক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে আমির হামজা (২৫) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ছয়জন যুবক সেখানে প্রবেশ করে পুলিশ পরিচয়ে তাকে ধাওয়া দেয়। হামজা দৌড়ে পালাতে গেলে তিনি খালের পাড়ে পড়ে যান। পরে সেখানে তাকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হত্যার কারণ উদঘাটনে জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবি কাজ করছে।’

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এর আগে ১৪ মার্চ মোল্লাহাট উপজেলা সদরের বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হন। তার সাত দিন আগে একই উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় মহাসড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ী সোহাগের কর্মচারী নূর ইসলামকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৩ ● ২৩ বার পঠিত