সোমবার ● ২৩ মার্চ ২০২৬

নেছারাবাদে ঈদে স্ট্রিট ফুডে তরুণদের ভিড়, বাড়ছে রোগের ঝুঁকি

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ঈদে স্ট্রিট ফুডে তরুণদের ভিড়, বাড়ছে রোগের ঝুঁকি
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

নেছারাবাদে ঈদে স্ট্রিট ফুডে তরুণদের ভিড়, বাড়ছে রোগের ঝুঁকি

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বেড়েছে মানুষের আনাগোনা, আর বিনোদন কেন্দ্রের অভাবে ফেরিঘাট সংলগ্ন এলাকাই পরিণত হয়েছে প্রধান মিলনস্থলে- যেখানে ফুচকা, চটপটি ও ঝালমুড়ির দোকানে তরুণ-তরুণীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

 

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় স্বরূপকাঠী-ইন্দুরহাট ফেরিঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, ঈদের দিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অস্থায়ী দোকানগুলোতে উপচে পড়া ভিড়। বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে সময় কাটাতে এসে অনেকেই এসব স্ট্রিট ফুড খেয়ে আনন্দ উপভোগ করছেন।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ফুচকার পানিতে ব্যবহৃত তেঁতুলের অনেকাংশই কৃত্রিম বা রাসায়নিক মিশ্রিত হতে পারে। একই সঙ্গে খোলা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় জীবাণু সংক্রমণের ঝুঁকিও বেশি থাকে।

 

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঈদের সময় বাইরে খাওয়ার প্রবণতা বেড়ে যায়। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেলে ডায়রিয়া, ফুড পয়জনিং, গ্যাস্ট্রিকসহ নানা রোগ হতে পারে। বিশেষ করে অপরিষ্কার পানি বা কৃত্রিম উপাদান ব্যবহার করলে ঝুঁকি আরও বাড়ে।’

 

বিশেষজ্ঞদের মতে, ফুচকা বা পানিপুরি জাতীয় খাবারের পানি ও উপকরণ সহজেই ব্যাকটেরিয়ায় দূষিত হতে পারে। এতে ই. কোলাই, সালমোনেলাসহ ক্ষতিকর জীবাণু থাকতে পারে, যা খাদ্যজনিত রোগের কারণ হয়।

 

এ বিষয়ে ডা. আজিজুল ইসলাম (হোমিওপ্যাথিক) বলেন, ‘রাস্তার খাবারে সঠিক স্বাস্থ্যবিধি না মানায় ডায়রিয়া, টাইফয়েড, পেটব্যথা, বমি ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো রোগের ঝুঁকি বাড়ে।’

 

পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞ মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘প্রশাসনের তদারকি ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বাইরে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন দোকান বেছে নেওয়া এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করা প্রয়োজন।’

বাংলাদেশ সময়: ২১:১৫:২৯ ● ৫২ বার পঠিত