সোমবার ● ২৩ মার্চ ২০২৬
বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর: যুবদল নেতা গ্রেফতার
হোম পেজ » খুলনা » বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর: যুবদল নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সুমন পাইক (৪০) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং দায়ের করা মামলার এক নম্বর আসামি।
রবিবার রাত ৯টার দিকে শহরের শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন পাইক শহরের খারদ্বার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ঈদের আগের দিন ২০ মার্চ সন্ধ্যার আগে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর ঈদের দিন থেকে শহরের দুটি তেল পাম্প বন্ধ রয়েছে। রবিবার বিকেলে খানজাহান আলী ফিলিং স্টেশনের সামনে টানানো এক বিজ্ঞপ্তিতে দোষীদের শাস্তির দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
ওই ঘটনায় পাম্পের মালিক পক্ষের মুর্শিদ কুলি খান বাদী হয়ে রবিবার চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন। মামলায় সুমন পাইককে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, তেলের চাপ ও সংকটের কারণে প্রতি মোটরসাইকেলে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। ২০ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে আসামিরা নিয়ম ভেঙে বেশি তেল দাবি করে গালিগালাজ শুরু করে। বাধা দিলে সুমন পাইকের নির্দেশে তারা বাদীকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় কর্মচারীরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় এবং একপর্যায়ে তেল বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১:৪৮:২৪ ● ১৬ বার পঠিত
