সোমবার ● ২৩ মার্চ ২০২৬

গলাচিপায় সালিশের পর গৃহবধূর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় সালিশের পর গৃহবধূর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

গলাচিপায় সালিশের পর গৃহবধূর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চুরির অভিযোগে সালিশে চোর সাব্যস্ত করার পর অপমান সইতে না পেরে সেলিনা বেগম (৫০) নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে উপজেলার উত্তর চরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা সেলিনা বেগম ছেলে ও পুত্রবধূকে নিয়ে দীর্ঘদিন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে বসবাস করতেন। প্রায় দুই মাস আগে বেড়িবাঁধ সংস্কারের কারণে উচ্ছেদ হয়ে পাশেই একটি ঝুপড়ি ঘর তুলে বসবাস শুরু করেন। কয়েকদিন ধরে পাশের বাড়ির আলমগীর মাস্টারের বারান্দায় রাতে অবস্থান করছিলেন। গত ১৭ মার্চ ওই বাড়ি থেকে ১২ আনা সোনা ও ৪ ভরি রূপার গহনা চুরি হওয়ার পর আলমগীরের পরিবার সেলিনাকে সন্দেহ করে।

 

সেলিনার ছেলে ইফাজুল ইসলাম অভিযোগ করেন, সালিশে তার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে চুরির স্বীকারোক্তি নেওয়া হয়। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে মারধর করে এবং স্ট্যাম্পে লিখিয়ে স্বীকারোক্তি নেয়।

 

প্রত্যক্ষদর্শী নুরজাহান বেগম সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, সেলিনাকে মারধর করা হয় এবং নখ তুলে ফেলার ভয় দেখানো হয়। স্থানীয় বাসিন্দা মোশারফ মুন্সি জানান, সেলিনা দীর্ঘদিন ধরে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালালেও তার বিরুদ্ধে কখনো চুরির অভিযোগ শোনা যায়নি।

 

ছেলে ইফাজুল ইসলামের স্ত্রী সারমিন আক্তার বলেন, ভোরে শাশুড়ি তার ছেলের মোবাইলে কল দেন। পরে ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সালিশ অনুযায়ী ওইদিন চুরি হওয়া গহনা ফেরত দেওয়ার কথা ছিল। অপবাদ সইতে না পেরে তিনি গ্যাস ট্যাবলেট খেয়েছেন বলে আমার ধারণা।

 

সালিশদার সিরাজুল সিকদার বলেন, ৩০০ টাকার স্ট্যাম্প রাখা হয়েছিল, তবে সেলিনাকে কোনো নির্যাতন করা হয়নি।

 

গহনার মালিক আলমগীর মাস্টার জানান, ১৭ মার্চ তার স্ত্রীর গহনা হারানোর পর স্থানীয়রা সেলিনাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির কথা স্বীকার করেন এবং নির্ধারিত দিনে মালামাল ফেরত দেওয়ার কথা ছিল।

 

গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) ঝিলন সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলমান।

বাংলাদেশ সময়: ১১:২৫:৪১ ● ৩৩ বার পঠিত