রবিবার ● ২২ মার্চ ২০২৬
স্লুইসগেট জরাজীর্ণ, প্রভাবশালীদের নিয়ন্ত্রণ কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে সয়লাবে কৃষকের ভোগান্তি চরমে
হোম পেজ » লিড নিউজ » স্লুইসগেট জরাজীর্ণ, প্রভাবশালীদের নিয়ন্ত্রণ কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে সয়লাবে কৃষকের ভোগান্তি চরমে

মেজবাহউদ্দিন মাননু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অন্তত ২৫টি খাল লোনা পানিতে সয়লাব হয়ে পড়েছে। কোথাও স্লুইসগেট খুলে দেওয়ার অভিযোগ, আবার কোথাও গেট জরাজীর্ণ থাকায় জোয়ারের পানিতে খাল উপচে বিল ও কৃষিজমিতে লোনা পানি ঢুকে পড়েছে। এতে কৃষিকাজ, গবাদিপশুর পানি ও দৈনন্দিন ব্যবহারে সংকট দেখা দিয়ে কৃষকের চরম ভোগান্তি তৈরি হয়েছে।
গত কয়েকদিন ধরে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বালিয়াতলী ইউনিয়নের প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি পুরোপুরি লোনা পানিতে পূর্ণ। কয়েকদিন আগেও যেখানে পানির সংকট ছিল, এখন সেই পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। মিঠাগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের অন্তত সাত গ্রামের মানুষ পানির তীব্র সংকটে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল স্লুইসগেট খুলে দিয়ে খালে লোনা পানি প্রবেশ করিয়েছে।
স্থানীয় কৃষক মো. আলাউদ্দিন বলেন, এই লোনা পানিতে চিংড়ি চাষের সুবিধা হবে- এ কারণে কৃষকের স্বার্থের বিরুদ্ধে গিয়ে প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে।
ধানখালী ইউনিয়নের মধ্য ধানখালী এলাকায় একটি স্লুইসগেট খুলে মাছ ধরার অভিযোগ রয়েছে চেয়ারম্যানের এক আত্মীয়ের বিরুদ্ধে। জোয়ারের পানির চাপে গত দুই দিনে ওই এলাকার খাল লোনা পানিতে পূর্ণ হয়ে গেছে। একইভাবে মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমদ্দিন খালেও স্লুইসগেট নষ্ট থাকার অজুহাতে পাশের গেট খুলে দেওয়ায় খাল উপচে বিলেও লোনা পানি ঢুকে পড়েছে, যা কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
চাকামইয়া ইউনিয়নের কাঠালপাড়া এলাকায় স্লুইসগেটগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে জোয়ার-ভাটার সঙ্গে নিয়মিত লোনা পানি ওঠানামা করছে এবং খালগুলোতে লবণাক্ততা বাড়ছে।
এভাবে উপজেলার ১২টি ইউনিয়নের অন্তত ২৫টি খালে লোনা পানি প্রবেশ করায় কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইউপি চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিছু খালে লোনা পানি প্রবেশ ঠেকাতে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২১:২৩:৫৭ ● ৫৫ বার পঠিত
