রবিবার ● ২২ মার্চ ২০২৬
মোংলায় ঈদের রাতে চিংড়ি ঘেরের বাঁধ কেটে লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ
হোম পেজ » খুলনা » মোংলায় ঈদের রাতে চিংড়ি ঘেরের বাঁধ কেটে লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় ঈদের রাতের আঁধারে দুর্বৃত্তরা চিংড়ির ঘেরের বাঁধ কেটে পাশের ঘেরের সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘের মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়খাঁ এলাকায় স্থানীয় বাসিন্দা শেখ নাজিম উদ্দিন (৫৩) দীর্ঘদিন ধরে নিজের ১৮ বিঘা জমিতে চিংড়ি চাষ করে আসছেন। তার ওই ঘের দখলের উদ্দেশ্যে শনিবার দিবাগত রাত (ঈদের রাত) ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল ঘেরে ঢুকে আটটি স্থানে বাঁধ কেটে দেয় এবং পাশের ঘেরের সঙ্গে পানি একীভূত করে।
ভুক্তভোগীর অভিযোগ, সোনাইলতলা এলাকার মারুফ বিল্লাহ (৪৫) ও মহিদুল শেখের নেতৃত্বে এ হামলা চালানো হয়। বাঁধ কেটে দেওয়ায় ঘেরের মাছ বেরিয়ে গিয়ে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও অভিযুক্তরা ওই ঘের দখলের চেষ্টা করেছিল বলে জানান তিনি।
এ ঘটনায় রবিবার দুপুরে অভিযুক্ত মারুফ বিল্লাহ ও মহিদুল শেখের বিরুদ্ধে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫৪:২৩ ● ২২ বার পঠিত
