বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬
কলাপাড়ায় এমপি মোশাররফ: ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় এমপি মোশাররফ: ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী। আমরা একটি সবার সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে চাই। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আমরা এগিয়ে চলছি। এজন্য আপনাদের সব সময় পাশে চাই।
বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে এমপি মোশাররফ বলেন, ‘ইউনুস সরকারের অনেক কাজ দেখেছি। কিন্তু ইন্টারনাল অনেক জায়গায় সমস্যা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব সমস্যা সমাধান করে একটি নতুন বাংলাদেশের সূচনা সম্ভব’, বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জী প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ নেতৃবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সাংবাদিকরা এমপি মোশাররফকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন। পরে তিনি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে ইফতার ও দোয়া মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা বিএনপি এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২০:০৮ ● ৩৭ বার পঠিত
