মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬

পিরোজপুরে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬


 

পিরোজপুরে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরিহিত অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার এক ব্যক্তি।

 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার নলবুনিয়া গ্রামে সিদ্দিকুর রহমান আকনের জানাজায় অংশ নেন তার একমাত্র ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)। এর আগে সকাল ৮টায় পিরোজপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় তাকে বাড়িতে আনা হয়।

 

কারাগার সূত্রে জানা গেছে, স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উজ্জ্বল প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে রয়েছেন। প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে এ দণ্ড দেন।

 

সোমবার (১৬ মার্চ) বিকেলে বার্ধক্যজনিত কারণে প্রায় ৭৫ বছর বয়সে মারা যান সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে উজ্জ্বলকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের পাহারায় তিনি জানাজায় অংশ নেন।

 

জানাজা শেষে হাতকড়া পরিহিত অবস্থায় পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:১৬:৩১ ● ৫০ বার পঠিত