সোমবার ● ১৬ মার্চ ২০২৬

নেছারাবাদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান পলাশ মন্ডল

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান পলাশ মন্ডল
সোমবার ● ১৬ মার্চ ২০২৬


নেছারাবাদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান পলাশ মন্ডল

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী রাজনীতির কর্মী পলাশ মন্ডল। ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, পলাশ মন্ডল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় তিনি একাধিক মামলার আসামি হয়েছেন এবং কারাবরণও করেছেন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন ত্যাগী ও সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

রাজনৈতিক জীবনে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন পলাশ মন্ডল।

পলাশ মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করে আসছি। দলের দুর্দিনে রাজপথে থেকেছি, নানা মামলার আসামি হয়েছি এবং কারাবরণ করেছি। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন থাকলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।

তিনি জানান, নির্বাচিত হলে নেছারাবাদের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং শিক্ষা, সংস্কৃতি ও তরুণদের উন্নয়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি সবসময় জনগণের পাশে থেকে এলাকার কল্যাণে কাজ করে যেতে চান বলেও জানান তিনি।


আরএ/ এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৪:০২ ● ১৪৪ বার পঠিত