সোমবার ● ১৬ মার্চ ২০২৬

ঈদে ভোগান্তি বাড়াতে পারে বাউফলের বগা ফেরি

হোম পেজ » পটুয়াখালী » ঈদে ভোগান্তি বাড়াতে পারে বাউফলের বগা ফেরি
সোমবার ● ১৬ মার্চ ২০২৬


ঈদে ভোগান্তি বাড়াতে পারে বাউফলের বগা ফেরি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

আসন্ন ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা-বাউফল সড়কপথে যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাউফল উপজেলার লোহালিয়া নদীর বগা ফেরিঘাটে ফেরি পারাপারের ধীরগতি ও সীমিত সংখ্যক ফেরি চলাচলের কারণে ঈদের আগে ও পরে দীর্ঘ যানজট ও যাত্রীভোগান্তির শঙ্কা করছেন স্থানীয়রা।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সড়কপথে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার মানুষের যাতায়াতে লোহালিয়া নদীর ওপর বগা ফেরিঘাট অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাক এই ঘাট ব্যবহার করে থাকে। কিন্তু ফেরির সংখ্যা সীমিত হওয়ায় প্রায়ই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র জানায়, বর্তমানে বগা ফেরিঘাটে একটি ফেরি দিয়ে পারাপার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনেক সময় অতিরিক্ত যানবাহনের কারণে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকতে দেখা যায়। এতে দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন।

ঢাকা থেকে বাউফলগামী যাত্রী ডা. মো. আহসানুল ইসলাম বলেন, বগা ফেরিতে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ঈদের সময় গাড়ির সংখ্যা আরও বেড়ে যায়। আগে থেকে ব্যবস্থা না নিলে যাত্রীদের অনেক কষ্ট করতে হবে।

একই কথা জানান কয়েকজন পরিবহন শ্রমিক। তাদের দাবি, ফেরির সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই দ্রুত অতিরিক্ত ফেরি চালুর দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দারা বলেন, ঈদের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। তখন বগা ফেরিঘাটে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে ফেরি পার হতে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে-এমন ঘটনাও আগের বছরগুলোতে দেখা গেছে।

সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন বলেন, ঈদ সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতিরিক্ত ফেরি চালুর বিষয়টি বিবেচনায় রাখা হবে।


কেকেকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৯:০৯ ● ২৭ বার পঠিত