রবিবার ● ১৫ মার্চ ২০২৬
অবৈধ বালু উত্তোলন বাবুগঞ্জে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
হোম পেজ » বরিশাল » অবৈধ বালু উত্তোলন বাবুগঞ্জে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মোল্লারহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোল্লারহাট এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মনির হোসেন পেদা ও এনামুল শিকদারকে আটক করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাদের মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:২৫:৪১ ● ৩৬ বার পঠিত
