রবিবার ● ১৫ মার্চ ২০২৬
মোংলা বন্দরে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন চালবাহী জাহাজ
হোম পেজ » খুলনা » মোংলা বন্দরে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন চালবাহী জাহাজ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ভারত থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। চালের মান যাচাইয়ের জন্য রোববার (১৫ মার্চ) জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহা. আব্দুল সোবহান সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত এ চাল জাহাজযোগে মোংলা বন্দরে এসেছে।
রোববার সকালে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (সিসি) খুলনার এস কে মশিয়ার রহমান।
ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হলে জাহাজ থেকে চাল খালাস কার্যক্রম শুরু হবে। খালাস করা চাল নৌযানে করে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন খাদ্যগুদামে সংরক্ষণের জন্য পাঠানো হবে।
চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।
সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহা. আব্দুল সোবহান সরদার আরও জানান, সরকারি চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে মোট ৮ লাখ টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২৯:৫০ ● ২৫ বার পঠিত
