শনিবার ● ১৪ মার্চ ২০২৬
চক্রের এক হোতার নামে মামলা কলাপাড়ায় দলিল জালিয়াতি করে অন্যের জমি দখলের চেষ্টা
হোম পেজ » লিড নিউজ » চক্রের এক হোতার নামে মামলা কলাপাড়ায় দলিল জালিয়াতি করে অন্যের জমি দখলের চেষ্টা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
দলিলের নম্বর ও সম্পাদনের তারিখ ঠিক রেখে তফসিল, দাতা-গ্রহীতা ও মৌজা পাল্টে জালিয়াতির ঘটনায় এক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় মোয়াজ্জেমপুর গ্রামের মো. সোবহানকে আসামি করে বৃহস্পতিবার কলাপাড়া থানায় এই মামলা করা হয়। উপজেলার নিজশিববাড়িয়া গ্রামের আব্দুল রাজ্জাক হাওলাদার এই মামলাটি করেছেন।
কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, তার অফিসে মো. সোবহান ২০০৯ সালের ২৩১৯ নম্বর দলিলের মাধ্যমে ইউসুফপুর মৌজার ১৫৩ নম্বর খতিয়ানের ১৩৯৭ দাগের সাড়ে ১৬ শতক জমির নামজারির আবেদন করলে বিষয়টি তার নজরে আসে। তিনি জেলা রেজিস্ট্রারের মাধ্যমে অবগত হন যে ওই দলিলটি মূলত তেগাছিয়া মৌজার জনৈক ব্যক্তির। যেখানে তফসিল, দাতা-গ্রহীতা পাল্টে জাল দলিল তৈরি করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করে জেলা রেজিস্ট্রারের হাফেজখানা। জালিয়াতির হোতা সোবহানকে গ্রেফতারে ইতোমধ্যে এক দফা অভিযান চালানো হয়েছে বলে ইয়াসীন সাদেক নিশ্চিত করেন।
তবে এই চক্রের অন্যান্য হোতাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করার কাজ চলমান রয়েছে বলে ভূমি প্রশাসন নিশ্চিত করেছে। কে দলিলটি লিখেছেন এবং আর কে কে জড়িত- আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে আসবে বলে মনে করছেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।
বাংলাদেশ সময়: ৫:৫৯:৩১ ● ৩৩ বার পঠিত
