বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
ছারছীনা শরীফে মাহফিল: রমজানে ত্যাগ স্বীকার রোজাদারদের অন্যতম বৈশিষ্ট্য- পীর ছাহেব
হোম » ইসলামী জীবন » ছারছীনা শরীফে মাহফিল: রমজানে ত্যাগ স্বীকার রোজাদারদের অন্যতম বৈশিষ্ট্য- পীর ছাহেব

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পবিত্র মাহে রমজানে ত্যাগ স্বীকার করা রোজাদারদের অন্যতম বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)। তিনি বলেন, রমজান কেবল বাহ্যিকভাবে পানাহার ও শারীরিক চাহিদা থেকে বিরত থাকার নাম নয়; বরং বৈধ বিষয় সামনে থাকলেও নিজেকে সংবরণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে তাকওয়া তথা খোদাভীতি অর্জনের শিক্ষাই রমজানের প্রকৃত উদ্দেশ্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ মাগরিব ইফতারের পূর্ব মুহূর্তে ছারছীনা শরীফে আয়োজিত মাহফিলে আগত মেহমানদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শুধু দিনের বেলায় কষ্ট সাধন ও রাতে জাগরণ করাই রমজানের লক্ষ্য নয়; বরং মানুষের ভেতরে থাকা বিভিন্ন কু-রিপু সংশোধনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা এবং সেই শিক্ষা সারা বছর ধরে রাখাই রমজানের মূল বার্তা।
মাহফিলে জানানো হয়, আগামী ১৪ মার্চ শনিবার বাদ জোহর তিন দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ বছর বার্ষিক মাহফিল রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় ছারছীনা দরবার শরীফে দেশের বৃহত্তম ইফতার ও খতম তারাবির আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লিম প্রদান করবেন। এছাড়া সিলসিলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
মাহফিলের প্রথম দিনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাসসির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সহ-গবেষণা ও প্রকাশনা সম্পাদক মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:২৯:১৪ ● ১৩৬ বার পঠিত
