বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬

১৪ এপ্রিল থেকে বিতরণ নেছারাবাদে ‘স্মার্ট কৃষক কার্ড’ যাচাই-বাছাই কার্যক্রম শুরু

হোম পেজ » পিরোজপুর » ১৪ এপ্রিল থেকে বিতরণ নেছারাবাদে ‘স্মার্ট কৃষক কার্ড’ যাচাই-বাছাই কার্যক্রম শুরু
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

নেছারাবাদে ‘স্মার্ট কৃষক কার্ড’ যাচাই-বাছাই কার্যক্রম শুরু, ১৪ এপ্রিল থেকে বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর) 

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা এবং দেশের আরও ৮টি উপজেলায় প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করতে ‘স্মার্ট কৃষক কার্ড’ যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১৪ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ শুরু হবে। কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সহায়তা, ভর্তুকি ও ন্যায্যমূল্যে বীজ ও সার পাওয়ার সুযোগ পাবেন।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বরিশাল বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম সিকাদার অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার, বরিশাল অঞ্চলের উদ্যান বিশেষজ্ঞ জি. এম. এম. কবীর খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।

 

কৃষি বিভাগের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, তথ্য যাচাই-বাছাই এবং তালিকাভুক্তি করা হবে। কার্ডধারী কৃষকরা সরকারি প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে কৃষিঋণ গ্রহণ এবং কৃষি বীমার সুবিধা পাবেন।

 

অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম সিকাদার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিজিটাল পদ্ধতিতে মাঠপর্যায়ে কার্যক্রম চালানো হচ্ছে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত ক্ষুদ্র ও ভূমিহীন কৃষক অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সুবিধা পাবেন। বর্তমানে নেছারাবাদ উপজেলার বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ের কৃষি কর্মীরা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯:০১:১৬ ● ২৭ বার পঠিত