বুধবার ● ১১ মার্চ ২০২৬
পথে বসার আশঙ্কা ব্যবসায়ীদের বরগুনার আমতলীতে আগুনে পুড়ে ৭ দোকান ছাই
হোম পেজ » লিড নিউজ » পথে বসার আশঙ্কা ব্যবসায়ীদের বরগুনার আমতলীতে আগুনে পুড়ে ৭ দোকান ছাই

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকায় আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে শেষ সম্বল হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হাসান, দুলাল, আমির, আব্দুর রাজ্জাক, হালিম ও হানিফসহ ৭ জনের দোকান পুড়ে যায় এবং আরও চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান মিয়া বলেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীই এ দোকানের আয় দিয়ে তাদের পরিবার চালাতেন, এখন তাদের আর কিছুই রইল না।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফোরকান বলেন, “মোর আর কিছুই রইল না। মুই এহন ক্যামনে সংসার চালামু, হেইডা কইতে পারি না। আল্লায় মোর এমন ক্ষতি ক্যান করল।”
আমতলী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক মো. হানিফ মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে পুলিশও আগুন নেভাতে সহায়তা করেছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তারা আবেদন করলে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ বলেন, তিনি বর্তমানে ঢাকায় থাকায় ঘটনাস্থলে যেতে পারেননি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২৩:১২:১৫ ● ৩০ বার পঠিত
