রবিবার ● ৮ মার্চ ২০২৬
সরকারি অনুদেনের তালিকা নেছারাবাদে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত
হোম পেজ » পিরোজপুর » সরকারি অনুদেনের তালিকা নেছারাবাদে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা প্রস্তুতকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলার ৬ নম্বর দৈহারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লাভলু হাওলাদার গুরুতর আহত হয়েছেন। তার স্ত্রী সুমি বেগম বাদী হয়ে জামায়াত নেতা কাওসার হাওলাদারসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ৬ নম্বর দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা দৈহারী এলাকায় আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে বেল্লাল মৃধার চায়ের দোকানে বসে লাভলু হাওলাদার কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা প্রস্তুত করছিলেন। এ সময় ওয়ার্ড জামায়াতের সভাপতি কাওসার হাওলাদারের নাম তালিকার শেষের দিকে থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে লাভলু হাওলাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে কাওসার হাওলাদারসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান।
এজাহারে উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে কাওসার হাওলাদার হাতে থাকা কীটনাশকের কাচের বোতল ভেঙে লাভলু হাওলাদারের মাথায় আঘাত করেন। এতে তার মাথার মাঝ বরাবর গুরুতর জখম হয়। পরে মাথার ডান ও বাম পাশেও কাচের বোতল দিয়ে আঘাত করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত লাভলু হাওলাদারকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত জামায়াত নেতা কাওসার হাওলাদার বলেন, সার ও কীটনাশক বিতরণের তালিকা তৈরির সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা পাঁচজন মিলে আমাকে মারধর করে। আমি বর্তমানে পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন আছি। নিজেকে বাঁচাতে গিয়ে লাভলুকে ধাক্কা দিলে তিনি দোকানের ঝাপের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, আহত লাভলু হাওলাদার জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তার মাথায় জখম হয়েছে এবং পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৯ ● ৯০ বার পঠিত
