রবিবার ● ৮ মার্চ ২০২৬
স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় আগৈলঝাড়ায় ছাত্রকে পিটিয়ে আহত, গ্রেফতার ১
হোম পেজ » বরিশাল » স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় আগৈলঝাড়ায় ছাত্রকে পিটিয়ে আহত, গ্রেফতার ১

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের রকমত উল্লাহর মেয়ে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাজমিনা আক্তার আরিফাকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে রিহাম ঘরামীসহ ৪-৫ জনের একটি দল উত্যক্ত করে আসছিল।
শনিবার দুপুরে আরিফা তার চাচাতো ভাই, একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাকিব মিয়ার সঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বড় বাশাইল এলাকায় আলালের পানি দেওয়ার মেশিনের কাছে পৌঁছালে রিহাম ঘরামীসহ কয়েকজন তাদের পথরোধ করে অশালীন মন্তব্য করে। এ সময় শাকিব মিয়া প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিহাম ঘরামীসহ কয়েকজন মিলে শাকিব মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় শাকিব মিয়ার মা সাথী বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে এসআই মনিরুল ইসলাম শনিবার সন্ধ্যায় অভিযুক্ত রিহাম ঘরামীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তাকে আজ রবিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩০:৩৭ ● ৬৩ বার পঠিত
