বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬

বাকী টাকার বিরোধ গৌরনদীতে মারধরের পর উল্টো ছাত্রদল নেতার মামলায় আসামী মুরগি ব্যবসায়ী

হোম পেজ » বরিশাল » বাকী টাকার বিরোধ গৌরনদীতে মারধরের পর উল্টো ছাত্রদল নেতার মামলায় আসামী মুরগি ব্যবসায়ী
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬


 

গৌরনদীতে মারধরের পর উল্টো ছাত্রদল নেতার মামলায় আসামী মুরগি ব্যবসায়ী

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার গয়নাঘাটা কাঁচাবাজার এলাকায় বাকি টাকা পরিশোধকে কেন্দ্র করে এক মুরগি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি থানায় মামলা দায়ের করলেন ছাত্রদল নেতা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মার্চ বিকেলে গয়নাঘাটা বাজারের মুরগি ব্যবসায়ী শামীম সরদারের সঙ্গে সরকারি গৌরনদী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ শুভ ফকিরের বাকবিতণ্ডা হয়। শামীম সরদার জানান, শুভ ফকির পূর্বে তার দোকান থেকে বাকিতে মুরগি কিনেছিলেন। ঘটনার দিন তিনি আবারও বাকিতে মুরগি নিতে চাইলে পূর্বের পাওনা পরিশোধ করতে অনুরোধ করেন শামীম। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে পরে হাতাহাতির ঘটনা ঘটে।

 

শামীম দাবি করেন, বাজারের স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তখন পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে পরবর্তীতে বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের কথা বলেন।

 

শামীম সরদারের অভিযোগ, ঘটনার পর তৃতীয় পক্ষের উস্কানিতে আবদুল্লাহ শুভ ফকির গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে তিনি সামাজিক, ব্যবসায়িক ও আর্থিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন। একই সঙ্গে তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

অন্যদিকে আবদুল্লাহ শুভ ফকির বলেন, শামীম সরদারের সঙ্গে তার আগে থেকেই দলীয় অভ্যন্তরীণ বিষয়ে মতবিরোধ রয়েছে। সেই জের ধরে ঘটনার দিন বাজারে তাকে দেখে গতিরোধ করে অতর্কিত হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।

 

ঘটনাটি ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাকী বিক্রি করার পর ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

 

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:২০ ● ৫৩ বার পঠিত