মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

হোম পেজ » খুলনা » সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬


সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে খুলনার কয়রা উপজেলার নারায়ণপুর এলাকায় যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম আফজাল সরদার (৩২)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোংলা উপজেলার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের বিসিজিএস ‘মুনসুর আলী’র নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষ্যে কোস্ট গার্ডের বিশেষ সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে নারায়ণপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আফজাল সরদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পুনরায় অভিযান চালিয়ে ১টি শটগান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

জামিলুর রহমান জানান, নির্বাচন-পরবর্তী সময়ে সুন্দরবনে যৌথ অভিযান শুরু হলে আতঙ্কিত হয়ে আফজাল উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ওই এলাকায় পুঁতে রেখে আত্মগোপন করে। তিনি দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর হয়ে ডাকাতি এবং অস্ত্র-গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।

আটক আফজাল সরদার খুলনার কয়রা থানার বাসিন্দা। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে। আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৫ ● ২৩ বার পঠিত