সোমবার ● ২ মার্চ ২০২৬
সুন্দরবনে ডাকাত দমনে দ্বিতীয় দফা যৌথ অভিযান শুরু
হোম পেজ » খুলনা » সুন্দরবনে ডাকাত দমনে দ্বিতীয় দফা যৌথ অভিযান শুরু
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবন ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় সক্রিয় ডাকাতদের দমনে দ্বিতীয় দফায় নৌবাহিনী, কোস্ট গার্ড, র্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টায় সুন্দরবনের হাড়বাড়িয়া, নন্দবালা ও আমুরবুনিয়াসহ বিভিন্ন খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গত ২০ দিনে প্রায় ৫০ জন জেলেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করা হয়েছে; তাদের মধ্যে এখনও ২০ জন ডাকাতদের কবলে রয়েছে।
অভিযানকালে ডাকাতদের সম্ভাব্য আস্তানা তল্লাশি ও অবস্থান চিহ্নিতকরণে কাজ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড-এর জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা-এর নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল-হোসাইন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সুন্দরবনে সমন্বিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে ডাকাতদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা যায়।
তিনি আরও জানান, সুন্দরবনের বিভিন্ন নদী ও খালাঞ্চলে মোবাইল টহল জোরদার করা হয়েছে। র্যাব ও পুলিশের সহায়তায় নিয়মিত নৌ টহলের পাশাপাশি উপকূলীয় এলাকায় স্থল টহল বৃদ্ধি করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জেলে ও বনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং ১৬১১১ হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুর ইসলাম বলেন, ডাকাতদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:১৪:২১ ● ৪১ বার পঠিত
