রবিবার ● ১ মার্চ ২০২৬
কলাপাড়ায় কাগজে শতভাগ, বাস্তবে বিদ্যুৎহীন তিন গ্রাম
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় কাগজে শতভাগ, বাস্তবে বিদ্যুৎহীন তিন গ্রাম![]()
মেজবাহউদ্দিন মাননু
কাগজপত্রে ২০২১ সালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শতভাগ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় দেখানো হলেও চার বছর পরও তিন গ্রামের শতাধিক পরিবার সংযোগ পাননি। মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের একাংশ, উত্তরচরপাড়া গ্রামের একাংশ ও ইসলামপুর গ্রামের বাসিন্দারা এখনও বিদ্যুৎবঞ্চিত।
সরেজমিনে দেখা গেছে, পশ্চিম মধুখালী গ্রামের টাওয়ার রোডের কালভার্টের পরের অন্তত ৫০টি পরিবার বিদ্যুৎহীন। বাসিন্দা আবু ইউসুফ আকন বলেন, তাঁদের বাড়িসহ আশপাশের অন্তত ১০টি পরিবার এখনো সংযোগ পাননি। বিদ্যুতের খুঁটি বসানোর জন্য ঠিকাদারের লোকজন কারও কারও কাছ থেকে এক হাজার টাকা করে নিলেও তিনটি খুঁটি বসানোর পর আর তার টানা হয়নি, সংযোগও দেওয়া হয়নি।
স্থানীয় শিক্ষার্থী মো. সিয়াম জানায়, কেরোসিনের ল্যাম্প ও হ্যারিকেন জ্বালিয়ে পড়তে হয়। বর্ষায় সোলার প্যানেলে চার্জ না থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়াসিনও বিদ্যুৎ না থাকায় ভোগান্তির কথা জানায়।
ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন, সংযোগ না দিয়েই ২০২১ সালে কীভাবে শতভাগ বিদ্যুতায়নের প্রত্যয়ন দেওয়া হলো। তাঁদের দাবি, দেশের চাহিদার অন্তত ১৫ শতাংশ বিদ্যুৎ কলাপাড়ায় উৎপাদন হলেও স্থানীয়রা বঞ্চিত।
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, তিন গ্রামের শতাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিতে উপজেলা প্রশাসনসহ পল্লী বিদ্যুৎ অফিসে বহুবার বলা হয়েছে; কিন্তু এখনো সমাধান হয়নি। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, এসব পরিবারের পাশাপাশি আরও পাঁচটি গ্রামের আংশিক কিছু পরিবার বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। প্রায় ১৮ কিলোমিটার নতুন লাইন স্থাপন প্রয়োজন; বিষয়টি প্রক্রিয়াধীন এবং কিছু অগ্রগতি হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, তিন গ্রামের মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার বিষয়ে উপজেলা ও জেলা পরিষদের সভায় লিখিত সিদ্ধান্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অবহিত করা হয়েছে।
এমইউএম/এমআর
বাংলাদেশ সময়: ১৩:১২:৪৬ ● ২৯ বার পঠিত
