শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ইন্দুরকানিতে পুকুর খননকালে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানিতে পুকুর খননকালে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় পুকুর খনন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ শেখ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মন্ডল বাড়ির মিলন শিকদারের পুকুর খননের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ শিকদার বলেন, সকালে মিলন শিকদারের পুকুর খননের জন্য পাশ্ববর্তী গ্রামের ৮–১০ জন শ্রমিক কাজ করতে আসেন। তারা পুকুরে মাটি কাটছিলেন।
সহশ্রমিক আব্বাস হাওলাদার বলেন, সকালে পুকুরে মাটি কাটার কিছুক্ষণ পর নাস্তা খাওয়ার জন্য সবাই উপরে উঠে আসেন। হানিফ শেখ রোজা থাকায় একাই পুকুরে নেমে পানি সেচের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের (জগ) মুখ পরিষ্কার করতে যান। এ সময় যন্ত্রে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে অন্যরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে ঘর থেকে মালিকপক্ষ লাইন বন্ধ করে দেয়।
তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ইসিজি করে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক হানিফ শেখকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত শ্রমিকের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসকেেএমআর
বাংলাদেশ সময়: ১৯:৫৩:০৭ ● ৩১ বার পঠিত
