শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬

গৌরনদীতে ইফতারের সময় বসতঘরে তালা ভেঙে চুরি

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ইফতারের সময় বসতঘরে তালা ভেঙে চুরি
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


গৌরনদীতে ইফতারের সময় বসতঘরে তালা ভেঙে চুরি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কসবা গ্রামে ইফতারের আগমুহূর্তে তালাবদ্ধ বসতঘরে জানালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘটনায় ঘর থেকে নগদ টাকা, রুপার চেইন ও মূল্যবান আসবাবপত্র লুট হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী খোকন তালুকদারের বাবা মজিবর রহমান তালুকদার বলেন, চাকরিসূত্রে খোকন চট্টগ্রামে থাকেন। তার স্ত্রী-সন্তানও চট্টগ্রামে বেড়াতে যাওয়ায় তিনি একাই বাড়িতে ছিলেন। রোজা রেখে ইফতার ও নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসায় তালা দিয়ে মসজিদে গেলে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা স্টিলের আলমারি ভেঙে রুপার চেইন, নগদ টাকা ও ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
পরিবারের ধারণা, এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী এ ঘটনায় জড়িত থাকতে পারে। তবে তারা কারও নাম প্রকাশ করেননি। স্থানীয়রা জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ছোটখাটো চুরির ঘটনা প্রায়ই ঘটছে। ঈদকে সামনে রেখে চোরচক্র আরও সক্রিয় হয়ে উঠেছে বলেও তাদের অভিযোগ।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৩:১৬ ● ৪৩ বার পঠিত