শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ঐক্য ও সম্প্রীতির রাজনীতি করে উন্নয়ন চাই: গলাচিপায় প্রতিমন্ত্রী নুর
হোম পেজ » লিড নিউজ » ঐক্য ও সম্প্রীতির রাজনীতি করে উন্নয়ন চাই: গলাচিপায় প্রতিমন্ত্রী নুর

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
নুরুল হক নুর বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিহিংসার রাজনীতি করেননি; বরং ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠাই তাঁর লক্ষ্য। প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চরের জমি প্রকৃত কৃষকদের মালিকানায় নিশ্চিত করতে হবে এবং হাট-বাজার, লঞ্চঘাট ও খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। আমখোলা তরমুজের ঘাট ও হরিদেবপুর উন্মুক্ত করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদা বা অনৈতিক সুবিধা নেওয়া সহ্য করা হবে না।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে এলাকার যুবক-তরুণদের কর্মসংস্থানে যুক্ত করতে পরিকল্পনা হাতে নেওয়ার কথাও জানান তিনি।
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে হাজারো মানুষ অংশ নেন। প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার পর উপজেলায় প্রথম আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৩ ● ২১ বার পঠিত
