শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
কারাগারে অসুস্থ হয়ে দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু
হোম পেজ » লিড নিউজ » কারাগারে অসুস্থ হয়ে দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, দুমকী (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম খান কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে দায়িত্বরত চিকিৎসকরা ধারণা করছেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান জানান, অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং বিলম্ব না করে তাকে হাসপাতালে পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
শফিকুল ইসলাম খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১১ আগস্ট নিজ বাড়ি থেকে আটক হয়ে তিনি পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুন দুমকী থানার মামলা নম্বর ১০-এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২৩:২৫:৩১ ● ১৪ বার পঠিত
