বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
দেড় কোটির অবৈধ পণ্য জব্দ, বেনাপোলে স্বর্ণের বারসহ আটক ৩
হোম পেজ » খুলনা » দেড় কোটির অবৈধ পণ্য জব্দ, বেনাপোলে স্বর্ণের বারসহ আটক ৩

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোলসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা অবৈধ বাজার মূল্যের মাদক, স্বর্ণ ও শাড়িসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর ও বেনাপোল সীমান্তে অভিযান চালায় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, হিজলী ও কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ১৪ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা, ১০৮ বোতল এসকাফ সিরাপ (নেশাজাতীয়), ৪২টি শাড়ি, ৮১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৮৬ প্যাকেট কীটনাশক, ৭৪টি কসমেটিকস সামগ্রী ও ২টি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়। এসব মালামালের অবৈধ বাজার মূল্য ৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা।
অপরদিকে যশোর-বেনাপোল সড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ নামে এক পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ৫৮২ গ্রাম, যার মূল্য ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধারে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৪ ● ২৫ বার পঠিত
