বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় গোপালগঞ্জের তিন এমপির ঐক্যবদ্ধ উন্নয়নের অঙ্গীকার
হোম পেজ » ঢাকা » মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় গোপালগঞ্জের তিন এমপির ঐক্যবদ্ধ উন্নয়নের অঙ্গীকার

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সংবর্ধনা পাওয়া এমপিরা হলেন- গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান মোল্লা সেলিম, গোপালগঞ্জ-২ আসনের ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ খান। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনসহ পাঁচ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভায় সেলিমুজ্জামান মোল্লা সেলিম ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বিজয়ী শক্তির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিরোধী দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।
ডা. কে এম বাবর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যয় সর্বনিম্ন পর্যায়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানান। তিনি মুক্তিযোদ্ধা ও জেলার সর্বসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এস এম জিলানী গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখা ও জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শেষে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত এমপিদের সম্মাননা জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৭ ● ২৬ বার পঠিত
