বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কালকিনিতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

হোম পেজ » ঢাকা » রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কালকিনিতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কালকিনিতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

রমজানে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মাদারীপুর জেলা কার্যালয় কালকিনি বাজারে অভিযান চালিয়ে দুইটি ফলের দোকানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালকিনি বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়-এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে দুইটি দোকানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, মহাপরিচালকের নির্দেশনা ও জেলা প্রশাসকের অর্পিত ক্ষমতাবলে রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা রুবেল হাসান, কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন, আনসার সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৭:২৪:০২ ● ২২ বার পঠিত