মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধূর মৃত্যু, শোকে শ্বশুরেরও প্রাণহানি

হোম পেজ » বরগুনা » প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধূর মৃত্যু, শোকে শ্বশুরেরও প্রাণহানি
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামে প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে লামিয়া বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টার ব্যবধানে শ্বশুর মোস্তফা প্যাদা (৭০) মারা যান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম মঙ্গলবার ভোরে বাড়িতে স্বাভাবিক প্রসবে একটি কন্যাসন্তানের জন্ম দেন। প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে স্বজনরা দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

 

পুত্রবধূর মৃত্যুর খবর শুনে শ্বশুর মোস্তফা প্যাদা অসুস্থ হয়ে পড়েন এবং মঙ্গলবার বিকেলে মারা যান বলে পরিবার সূত্রে জানা গেছে। একই দিনে একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের মাতম বিরাজ করছে।

 

হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামরুল হাসান সেতু মল্লিক বলেন, পুত্রবধূর মৃত্যুর সংবাদে শোকে মোস্তফা প্যাদা মারা গেছেন। এমন ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোক নেমে এসেছে। তিনি জানান, মঙ্গলবার রাত ১০টায় জানাজা শেষে শ্বশুর ও পুত্রবধূর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫১ ● ৩০ বার পঠিত