মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ইতালিতে সড়ক দুর্ঘটনায় ডাসারের যুবক নিহত
হোম পেজ » ঢাকা » ইতালিতে সড়ক দুর্ঘটনায় ডাসারের যুবক নিহত

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
ইতালির মিলান শহরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার বেল্লাল বেপারী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত বেল্লাল বেপারী ডাসার উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় ৯ মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান বেল্লাল। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মিলান শহরের একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেখানে একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মারা যান।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২:১৯:০৩ ● ২১ বার পঠিত
