মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬

তালতলীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা

হোম পেজ » লিড নিউজ » তালতলীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬


 

তালতলীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ছোটবগী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম লিটন মোল্লা (৫০) এবং তার ভাইয়ের ছেলে শহীন মোল্লা (৩৪)-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০-২৫ জনের হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চাচা-ভাতিজাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

 

জানা গেছে, একটি বাড়িতে শালিস বৈঠক চলছিল। সেখানে ইমন মোল্লা নামের একজনকে হেলাল আকন ও তার ভাই ফারুক আকনের নেতৃত্বে মারধর করা হয়। এতে শালিস বৈঠক পণ্ড হয়ে যায়। পরে হেলাল আকন, শহীদুল আকন ও ফারুক আকনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় উপস্থিত হয়ে লিটন মোল্লাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আক্রমণ করে। চাচাকে রক্ষায় এগিয়ে আসা শহীন মোল্লাকেও পিটিয়ে জখম করা হয়।

 

আহত লিটন মোল্লা বলেন, আমি ছোটবগী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে কাজ করছি। আমার প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টা করেছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, হেলাল আকন, শহীদুল আকন ও ফারুক আকনের নেতৃত্বে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

 

এদিকে হেলাল আকন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারধর করিনি। ওই স্থানে অনেক লোক উপস্থিত ছিল।

 

তালতলী থানার ওসি মোঃ আসাদুল রহমান বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫১ ● ২২ বার পঠিত