সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
চাঁদা দাবির অভিযোগে মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
হোম পেজ » পটুয়াখালী » চাঁদা দাবির অভিযোগে মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে হিন্দু ফল ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে সুবিদখালী বাজারের প্রবীণ ব্যবসায়ী নির্মল দাস বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজন সিকদার দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম সুবিদখালী এলাকার বাসা থেকে সুবিদখালী বন্দরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে সুজন সিকদার পুনরায় চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সুজন সিকদার ও তার সহযোগীরা তাকে মারধর করে আহত করেন এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রীও উপস্থিত ছিলেন।
অভিযুক্ত সুজন সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মল দাসের ছেলে ঋত্বিক দাস মাদক সেবন ও মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করে। বিষয়টি তার বাবাকে জানিয়ে ছেলেকে নিরাপদে রাখার পরামর্শ দেওয়ায় তার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাকে মারধর করা হয়নি, কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ যে-ই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস ছালাম জানান, ব্যবসায়ী নির্মল দাস থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:৫৪:১২ ● ১২৩ বার পঠিত
