রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা চাইলেন কমিউনিটি নেতারা
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা চাইলেন কমিউনিটি নেতারা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বাংলাদেশের টেকসই জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ খাতে বৈপ্লবিক রূপান্তরের লক্ষ্যে রুফটপ সোলার প্রযুক্তিকে দ্রুত জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ ও কমিউনিটি নেতারা। রবিবার সকালে কলাপাড়ায় প্রান্তজন ট্রাস্ট, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালী (ফেড-পটুয়াখালী), ক্লিন, বিডাব্লিউজিইডি এবং স্থানীয় কমিউনিটি প্ল্যাটফর্মসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল মোবিলাইজেশন কর্মসূচিতে বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সমর্থন ও সরাসরি অংশগ্রহণ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।
সমাবেশে স্থানীয় সাংবাদিক, যুব প্রতিনিধি ও পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নিয়ে জ্বালানি খাতের পরিবর্তনের পক্ষে সংহতি প্রকাশ করেন। পরবর্তীতে একটি প্রতিনিধি দল কলাপাড়া পৌরসভার প্রশাসক জনাব কাউছার হামিদের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম - পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী, সদস্য মেজবাহউদ্দিন মাননু ও নুরুল হক; প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ এবং সঞ্চালনা করেন ফেড-পটুয়াখালীর সদস্য সচিব মো. নজরুল ইসলাম।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের নেতারা বলেন, দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে ব্যয়বহুল ও আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা বর্তমানে অর্থনীতির ওপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা বিশেষভাবে জোর দিয়ে বলেন, রুফটপ সোলার কেবল বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নয়, এটি সাধারণ মানুষের জন্য ‘জ্বালানি গণতন্ত্র’ প্রতিষ্ঠার সুযোগ। ইউনিয়ন পরিষদ ভবন, স্কুল, হাসপাতাল ও গ্রামীণ বাজারের অব্যবহৃত ছাদগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা গেলে স্থানীয় পর্যায় থেকেই একটি বৃহৎ জ্বালানি বিপ্লব সম্ভব।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৫ ● ৩১ বার পঠিত
