রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬

বাউফলে ড. মাসুদের সংবর্ধনায় বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

হোম পেজ » রাজনীতি » বাউফলে ড. মাসুদের সংবর্ধনায় বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬


 

বাউফলে ড. মাসুদের সংবর্ধনায় বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক, সংযুক্ত মঞ্চের গোল চিহ্নত ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা ও জনসভায় বিএনপির এক নেতার উপস্থিতি; স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) বাউফল পাবলিক মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্য সচিব প্রভাষক তারেককে মঞ্চে দেখা যায়। জনসভার ভিডিও থেকে নেওয়া একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মাসুদের পেছনে অবস্থান করছেন স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।

 

বিএনপির স্থানীয় একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ প্রভাষক তারেককে কঠোর ভাষায় সমালোচনা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছেন। অভিযোগ উঠেছে, নির্বাচনের সময় বিএনপির প্রার্থীকে পরাজিত করতে দলের ভেতরের একটি অংশ ভিন্ন অবস্থান নিয়েছিল।

 

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ গণমাধ্যমকে জানান, পটুয়াখালী-২ আসনে জামায়াতের বিজয় তাদের কাছে অপ্রত্যাশিত ছিল। তিনি দাবি করেন, দলীয় অভ্যন্তরীণ বিরোধই পরাজয়ের অন্যতম কারণ। বিষয়টি কেন্দ্রীয় দপ্তরে লিখিতভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

এদিকে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আসনটিতে বিএনপির প্রার্থীর পরাজয়ে দলীয় কোন্দল বড় ভূমিকা রেখেছে। দলের ভেতর থেকে বিরোধী কার্যক্রমে জড়িত কয়েকজন নেতার বিষয়ে তথ্যও নিশ্চিত হয়েছে।

 

ঘটনাটি ঘিরে বাউফলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩৯ ● ১৯ বার পঠিত