শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
গৌরনদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি- এই চিরন্তন স্লোগানের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
শুক্রবার দিবাগত বার রাত ১২টা এক মিনিটে গৌরনদী ভাষা সৈনিক গোলাম মাহবুব কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসন, পৌরসভা, গৌরনদী মডেল থানা, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসটির তাৎপর্য ফুটিয়ে তোলা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম, সহকারি কমিশনার ভুমি মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব, বাঙালি জাতির আত্মপরিচয় ও মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদদের ত্যাগ তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভাষা শহীদ আবদুস সালাম, আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ ও আবদুল জব্বারসহ সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দিনের বেলায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মের সামনে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার মাধ্যমে মাতৃভাষার মর্যাদা ও আন্দোলনের চেতনা লালন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:২২:৪২ ● ৩৬ বার পঠিত
