শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
সংখ্যালঘু পরিবারকে মারধর পটুয়াখালীতে জমি দখলচেষ্টা ও দেশত্যাগের হুমকির অভিযোগ
হোম পেজ » লিড নিউজ » সংখ্যালঘু পরিবারকে মারধর পটুয়াখালীতে জমি দখলচেষ্টা ও দেশত্যাগের হুমকির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নির্যাতন ও জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী গোপাল মাঝি।
লিখিত বক্তব্যে তিনি জানান, মৌজা মরিচবুনিয়া এলাকায় তার নামে প্রায় ৪০ শতাংশ রেকর্ডীয় ও দখলীয় জমি রয়েছে। এ জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে স্থানীয় কৃষক দলের সদস্য জাকির ভূইয়া, সুমন প্যাদা, নাসির আকন, হারুন মাতবর, জাফর ভূইয়া ও নিজাম প্যাদাসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, থানায় অভিযোগ দেওয়ার পরও প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে ভয়ভীতি প্রদর্শন করে। তার সন্তানদের স্কুলে যেতেও বাধা দেওয়া হচ্ছে এবং ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে ঘেরাও করে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যাচেষ্টা চালায়। এতে তিনি ও তার ভাই গুরুতর আহত হন। বর্তমানে তারা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও গলায় থাকা দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
গোপাল মাঝি বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি। নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে জাকির ভূইয়া বলেন, তার জামাই সুমন প্রায় পাঁচ বছর আগে জমি ক্রয় করেছেন এবং ওই জমিতেই বসতঘর নির্মাণ করা হয়েছে। বিষয়টি স্থানীয় সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছিল বলেও দাবি করেন তিনি। ভারতে চলে যেতে হবে- এ ধরনের কোনো হুমকি দেওয়া হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মারামারির ঘটনা আমরা জানি এবং আগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। তবে দেশ ছাড়ার হুমকির বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:২০:৪৩ ● ২০ বার পঠিত
