শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
বরগুনায় তিনদিন ব্যাপি বইমেলা শুরু
হোম পেজ » লিড নিউজ » বরগুনায় তিনদিন ব্যাপি বইমেলা শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনায় আজ শুক্রবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তিনদিন ব্যাপি বইমেলার আয়োজন করা হয়েছে। বরগুনা পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতিকুল ইসলাম।
জানা যায়, মেলা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে স্থানীয় লেখক, পুস্তক ব্যবসায়ী, গণগ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমিসহ ২১টি স্টল অংশগ্রহণ করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, ভাষা শহীদদের স্মরণে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি শিশুদের উদ্দেশে বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের কারণে আমরা আজ মায়ের ভাষায় কথা বলতে ও লিখতে পারি। মাতৃভাষা সম্পর্কে জানার আগ্রহীদের জন্য বই পড়ার সুযোগ মেলায় রয়েছে। তিনি আরও জানান, মাতৃভাষা বিশ্বের ১৯১টি দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়, তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ এবং আয়োজকরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় ছিলেন সজল চন্দ্র শীল, মোঃ আতিকুল ইসলাম এবং সাংবাদিক মনির হোসেন কামাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৬ ● ১৩২ বার পঠিত
