শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
আজ প্রথমবার নিজ জেলা পিরোজপুরে আসছেন প্রতিমন্ত্রী সুমন
হোম পেজ » পিরোজপুর » আজ প্রথমবার নিজ জেলা পিরোজপুরে আসছেন প্রতিমন্ত্রী সুমন

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো নিজ জেলা পিরোজপুরে সরকারি সফরে আসছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ কায়সার খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৭টায় গুলশান বাসভবন থেকে সড়কপথে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে এবং সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছাবেন।
একই দিন রাত ১২টা ১ মিনিটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। রাত ১২টা ৩০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন।
২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রতিমন্ত্রী। পরে দুপুর সাড়ে ১২টায় বরিশাল গণপূর্ত জোন, বরিশাল গণপূর্ত সার্কেল, পিরোজপুর গণপূর্ত বিভাগ এবং পিরোজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
দুপুর দেড়টায় পিরোজপুর সার্কিট হাউজ থেকে গুলশান-২, ঢাকার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। মন্ত্রণালয় জানিয়েছে, সফরটি সরকারি কর্মসূচির অংশ। সফরে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী থাকবেন।
বাংলাদেশ সময়: ১০:১৮:৩৫ ● ৯৪ বার পঠিত
