বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ নবীন চিকিৎসকের যোগদান
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ নবীন চিকিৎসকের যোগদান
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (১৮ ফেব্রুয়ারি) একযোগে ৮ জন নবীন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। নতুন এই চিকিৎসকদের সবাই গলাচিপার সন্তান হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি তারা দায়িত্ব গ্রহণ করেন। যোগদানকারী চিকিৎসকরা হলেন- ডা. আবদুল্লাহ আল নোমান, ডা. ইমরান, ডা. ইমরান হাসান, ডা. সাব্বির আহমেদ গালিব, ডা. সাবিকুন নাহার লিজা, ডা. শর্মিলি হোসেন দোলন, ডা. মিমি দাস ও ডা. জান্নাতুন নাঈম তানহা।
দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছিল গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম থাকায় রোগীদের যথাযথ সেবা দিতে হিমশিম খেতে হতো কর্তৃপক্ষকে। বিশেষ করে দুর্গম চরাঞ্চল থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির শিকার হয়েছেন।
নবনিযুক্ত চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে সেবার পরিধি বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, নিজ এলাকার সন্তানরা চিকিৎসক হিসেবে যোগদান করায় রোগীদের প্রতি তারা আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
হাসপাতাল সূত্র জানায়, নবীন চিকিৎসকরা দ্রুতই নিজ নিজ বিভাগে দায়িত্ব পালন শুরু করবেন। এতে মাতৃসেবা, শিশুসেবা ও জরুরি বিভাগসহ বিভিন্ন শাখায় সেবার মান উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উপজেলার সচেতন মহলের মতে, স্থানীয় চিকিৎসকদের এই সম্মিলিত যোগদান গলাচিপার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি আরও নিশ্চিত করবে।
এসডি/এমআর
বাংলাদেশ সময়: ২১:১৭:২৫ ● ৪৭ বার পঠিত
