সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
পরিকল্পিত হত্যার অভিযোগ বাউফলে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
হোম পেজ » লিড নিউজ » পরিকল্পিত হত্যার অভিযোগ বাউফলে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. শাকিল মৃধা (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। শাকিল ওই ইউনিয়নের আব্দুস সোবাহান মৃধার ছেলে। তিনি ঢাকা-বাউফল-দশমিনা রুটের পরিবহনের আদাবাড়িয়া কাউন্টারের দায়িত্ব পালন করতেন।
স্থানীয় দফাদার মো. রফিকুল ইসলাম সাগরকন্যাকে জানান, রবিবার রাতে শাকিল ঘর থেকে বের হওয়ার পর আর ফেরেনি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবন এলাকার পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় শীতের পোষাক পরিহিত লাশটি উদ্ধার করলে শাকিলের স্বজনরা পরিচয় নিশ্চিত করেন।
শাকিলের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:২২:৪৩ ● ৮৭ বার পঠিত
